গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লা নিহতের ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারীকে (হেলপার) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ঘাতক ট্রাকটিও জব্দ করা হয়েছে। কালীগঞ্জ থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর কালীগঞ্জ পৌরসভার সরকারি শ্রমিক কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতের দায়িত্ব পালন শেষে থানায় ফেরার পথে বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে কথা বলতে পুলিশের গাড়িটি সড়কের পাশে থামান এসআই মিজানুর রহমান। এ সময় টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের দল ও বিএনপি নেতাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে এসআই মিজানুর রহমান ও রফিকুল ইসলাম মোল্লা নিহত হন। এ ঘটনায় পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় কালীগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় কনফিডেন্স সিমেন্ট কারখানার সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়।
ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২। এ সময় ট্রাকের হেলপার মো. রাজু শেখকে (২৯) গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকার মো. লুৎফর রহমানের ছেলে। রাজু শেখকে জিজ্ঞাসাবাদে ট্রাকচালক মাজহারুল ইসলামের বিষয়ে তথ্য পায় পুলিশ। পরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১ ও এসআরবি-২-এর যৌথ অভিযানে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চারখালী এলাকা থেকে চালক মো. মাজহারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়।
এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম চালক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, ট্রাকচাপায় পুলিশ সদস্য ও বিএনপি নেতা নিহতের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ট্রাকটি জব্দ এবং চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





















