একদিকে মশাবাহিত ডেঙ্গুর বিস্তার এবং অন্যদিকে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্যে চাপ বাড়ছে। প্রতিদিনই নতুন রোগী শনাক্তের পাশাপাশি হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ এবং মৃত্যুর খবর উদ্বেগের সৃষ্টি করছে।
বছরের শেষভাগে এসে দুই রোগে মোট আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টাতেই হাম এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হারও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৪১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৮৮৬ জন। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, খুলনা বিভাগে ২৬৪ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৭৮ জন, বরিশাল বিভাগে ২২৯ জন এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৮৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৩২ হাজার ১০৫ জনডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ যাবত মোট এক লাখ ২৫ হাজার ৪৩৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ছয় হাজার ২৫১ জন হাসপাতালে ভর্তি আছেন।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি এক হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত একদিনে নতুন করে এক হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে।
পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হামের উপসর্গে একজন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৬ হাজার ৩৫৭ জনে। এ ছাড়া গত একদিনে নতুন করে ৬৪ জন হামে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৬৯৫ জন হামে আক্রান্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ এক হাজার ৪৬৮ জন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৯৩ হাজার ৩০১ জন।






















