বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী দশম স্থলবাহিনী সংলাপ (ল্যান্ড ফোর্সেস টকস—এলএফটি) ২০২৬-এর সমাপ্তি হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংলাপ শেষ হয়।
এতে দুই দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। সোমবার (২৬ অক্টোবর) শুরু হওয়া এ সংলাপে দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার, দক্ষতা বৃদ্ধি ও কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সংলাপ শুরুর আগে সোমবার সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল জাইলস জে. এস. কর্ণেলিয়া।
তিনি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপ্যাক) স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস-বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল। বাংলাদেশের পক্ষে সংলাপে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। আলোচনায় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের সংলাপ দুই দেশের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

























