ময়মনসিংহের ফুলপুরে পাচারের সময় ২০ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা মোড়ে ডাবল ব্রিজ এলাকায় স্থানীয় লোকজন সারবোঝাই একটি অটোরিকশা আটক করেন।
এ সময় চালক পালিয়ে যায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সারগুলো তারাকান্দা থেকে হালুয়াঘাটে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরার নির্দেশনায় উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি দ্রুত ঘটনাস্থলে যান এবং ২০ বস্তা ডিএপি সার জব্দ করেন। পরে জব্দ করা সারগুলো কৃষকদের মাঝে সুলভ মূল্যে বিক্রি করে দেওয়া হয়।
কৃষকদের জন্য সরকারি ভর্তুকিতে সরবরাহ করা সার যাতে নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সার মজুত, পরিবহন ও বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জোরদার করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী জানান, জব্দ করা সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, সার নিয়ে অনিয়ম ও অবৈধভাবে স্থানান্তর রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এসময় অতিরিক্ত কৃষি অফিসার হায়দার আলী, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আরিফুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহাদুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।






















