হ্যালোইন উৎসবকে সামনে রেখে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পর্যটকদের জন্য আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক ভৌতিক বাসভ্রমণের। এতে অন্ধকারে চলন্ত বাসে হঠাৎ যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ছে জম্বিরা। বাস থেকে নেমে পার্কে আশ্রয় নিলেও রেহাই মিলছে না যাত্রীদের।
সেখানেও অন্ধকারের আড়াল থেকে তাড়া করছে ভৌতিক চরিত্রে সজ্জিত অভিনয়শিল্পীরা। ভয় ও রোমাঞ্চে ভরা এই আয়োজন ইতিমধ্যে দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে বিশেষ এই আয়োজন। হ্যালোইন উপলক্ষে দক্ষিণ কোরিয়াজুড়ে নানা ধরনের ভৌতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও সিউলের এই বাসভ্রমণ আলাদা আকর্ষণ তৈরি করেছে। ‘ট্রেন টু বুসান’ চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে আয়োজন করা হয়েছে ‘জম্বি অ্যাটাক’ নামের এই কর্মসূচি।
চলচ্চিত্রটিতে দ্রুতগতির ট্রেনের ভেতরে জম্বিদের আক্রমণ ও যাত্রীদের বেঁচে থাকার লড়াই তুলে ধরা হয়েছিল। সেই অভিজ্ঞতাকে এবার বাসের মধ্যে বাস্তবের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আয়োজকেরা। রাতের অন্ধকারে বাস চলার সময় হঠাৎ জম্বির বেশে অভিনয়শিল্পীরা যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। আতঙ্কিত যাত্রীরা বাঁচার আশায় বাস থেকে নেমে পার্কের দিকে ছুটে যান।
কিন্তু সেখানেও তাদের জন্য অপেক্ষা করে আরও একদল জম্বি। সব মিলিয়ে তৈরি হয় ভীতিকর পরিবেশ। এই ভৌতিক অভিজ্ঞতা উপভোগ করতে ইতিমধ্যে ১ হাজারেরও বেশি দর্শনার্থী টিকিট বুক করেছেন বলে জানা গেছে। এক যাত্রী জানান, জম্বিদের এতটাই বাস্তব মনে হচ্ছিল যে দেখে মনে হয়েছে, তারা যেন সরাসরি সিনেমার পর্দা থেকে বেরিয়ে এসেছে।






















