পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র বিক্রির নগদ টাকাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে চারটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১২ রাউন্ড গুলি ও অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন- পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আনসার শেখের ছেলে আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের হাশেম কাজীর ছেলে জনি কাজী (২৮), ঢালারচর ইউনিয়নের রামনারায়নপুর গ্রামের মৃত ঝরু মন্ডলের ছেলে জলিল মন্ডল (২৮) এবং মিরপুর গ্রামের জসিম মন্ডলের ছেলে বাবলু মন্ডল (২৬)।
তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে রহমান জানান, বুধবার রাতে পাবনা সদর উপজেলার চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে আলাল শেখ ও জনি কাজীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি এবং অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়নপুর এলাকা ও সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাজারে পৃথক অভিযান চালিয়ে জলিল মন্ডল ও বাবলু মন্ডলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুটি তাজা কার্তুজ জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাবনা সদর ও আমিনপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পরে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





















