সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি)। সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানের কারণে চোরাকারবারিরা মাদকের এই বড় চালানটি ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল আনুমানিক ৯:৪০ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ ঘোনা বিওপির একটি চৌকস আভিযানিক দল সীমান্ত এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে।
ঘোনা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৬/১৩-এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ‘দাঁতভাঙা শ্মশানঘাট’ নামক স্থানে ওত পেতে থাকে বিজিবির টহল দল। ভারত থেকে মাদকের একটি বড় চালান চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে যায় পাচারকারীরা। পরে ধরা পড়ার আশঙ্কায় তারা তড়িঘড়ি করে মালামাল ফেলে রাতের ও কুয়াশার সুযোগ নিয়ে কৌশলে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়।
অভিযান শেষে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেন। উদ্ধারকৃত এই মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দেশের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়িত হচ্ছে।
সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদকদ্রব্য, অস্ত্র চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের এই গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির ধারাবাহিক ও সফল এই অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সচেতন মহল মনে করেন, সীমান্ত এলাকায় বিজিবির এমন কঠোর তৎপরতা অব্যাহত থাকলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
তারা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার জন্য বিজিবি কতৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।






















