ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুধসরা এলাকায় কথিত দেহব্যবসার অভিযোগে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চার নারী ও একজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় আটক এক নারীর ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, যে বাড়িতে অভিযান চালানো হয়েছে, সেটির মালিক সানাউল্লাহ নামের এক ব্যক্তি। তবে অভিযানের সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দর্শনা থানার আকুন্দবাড়িয়া গ্রামের জান্নাতুল ফেরদৌস লামিয়া (২০) ও তাজ নাহার (৪৫), ঝিনাইদহের মহেশপুর থানার জলিলপুর গ্রামের রাজিয়া খাতুন (৩৭), ঝিকরপোতা (জিন্নাহনগর) গ্রামের নাসিম রাহা (২৬) এবং মাইলবাড়িয়া গ্রামের মোছা. মাহফুজ খাতুন (২৭)। এ বিষয়ে কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিধান কুমার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





















