জার্মানির মিউনিখে জেনারেলি আন্তর্জাতিক ম্যারাথন ২০২৬-এ অংশ নিয়েছেন বাংলাদেশি শিব শংকর পাল। রোববার (১১ অক্টোবর) জার্মানির বায়ার্নে মিউনিখ জেনেরালি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন বাংলাদেশের হয়ে রেকর্ড ১৪৫টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়া শিব শংকর পাল।
বিশ্বের প্রায় রেকর্ড ৩৭ হাজার ৮০০ জন প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের হয়ে মিউনিখের এই ইভেন্টেই এখন পর্যন্ত ২৫ বার আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে দেশের সুনাম কুড়িয়ে চলেছেন ক্রীড়াবিদ শিব শংকর পাল। তিনি মিউনিখ অলিম্পিক স্টেডিয়ামের ফিনিশিং লাইন শেষ করেছেন ৩ ঘণ্টা ৩৩ মিনিটে ৩৬ সেকেন্ডস।
এর আগে স্থানীয় সময় সকাল ৯টায় শহরের অলিম্পিয়া পার্কের স্পিরিডন লুইস রিং থেকে শুরু হওয়া ৪২.২ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান মারিয়েনপ্লাটজ, জিগেসটর, ইংলিশ গার্ডেন, ইজার, রিন্ডারমার্কট, ভের্কসফিয়ার্টেল এবং বেশ কয়েকটি সড়ক ঘুরে আবার অলিম্পিয়া জে এর উইলি ডামে প্লাটজে এসে শেষ হয়।
ঐতিহ্যবাহী এই মিউনিখ আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশের পতাকা হাতে দৌড়াতে পেরে দারুণ খুশি ঢাকার নবাবগঞ্জের ছেলে শিব শংকর পাল। তিনি জানান, আন্তর্জাতিক মিউনিখ ম্যারাথনের এই পথঘাট আমার চেনা। এখানেই এই শহরেরই আমার পরিবারের বসবাস। আমার তিন সন্তানের জন্ম এই শহরেই। এই ম্যারাথনেই আমি জীবনের ২৫ বারের মত অংশ নিয়েছি। যা একজন বাংলাদেশী হিসেবেও রেকর্ড।
এদিন রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীরাও শিব শংকরকে করতালির মাধ্যমে প্রেরণা জোগান। মিউনিখেই প্রবাস জীবন কাটানো শিব শংকর আশা যতদিন শরীরে কুলাবে ততদিন লাল সবুজের পতাকা হাতে নিয়ে দেশ ও দেশের মানুষের গৌরব বাড়াতে চেষ্ঠা করে যাবেন।






















