উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার চর্চা বৃদ্ধি, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং গবেষক-শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে ‘প্রথম জাতীয় গবেষণা উৎসব ২০২৬’।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশের ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের গবেষণাকর্ম উপস্থাপনের পাশাপাশি গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
আয়োজক সূত্রে জানা যায়, উৎসবে তিনটি প্রধান পর্ব রাখা হয়। এগুলো হলো—শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের স্টল প্রদর্শনী এবং দেশবরেণ্য গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে রিসার্চ টক ও প্যানেল আলোচনা। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণার ফলাফল তুলে ধরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়।
রিসার্চ টক ও প্যানেল আলোচনায় ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও কলা, জীববিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রকৌশল—এই চারটি বিষয়ে পৃথক অধিবেশনের আয়োজন করা হয়। ব্যবসায় শিক্ষাবিষয়ক অধিবেশনের প্রতিপাদ্য ছিল ‘Beyond Profit: Can Young Entrepreneurs Redefine Business Through Social Impact? ’। সামাজিক বিজ্ঞান ও কলা বিষয়ে আলোচনার শিরোনাম ছিল ‘Beyond the Classroom: Connecting Academicians & Future Leaders to Transform Education’।
এ ছাড়া জীববিজ্ঞানে বৈশ্বিক স্বাস্থ্যসেবায় জীববিজ্ঞানের ভূমিকা এবং বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ন্যানোবিজ্ঞানের সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের ছাত্র সংসদগুলোর ইতিহাসে এ ধরনের আয়োজন প্রথম। ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
আমাদের গবেষণায় ফিরে আসা উচিত। এখানে শিক্ষার্থীদের পোস্টার উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন গবেষকও অংশ নিয়েছেন। আয়োজনটি জ্ঞান বিনিময়ের অন্যতম কেন্দ্র হিসেবে কাজ করবে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণাভিত্তিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে ভূমিকা রাখবে।






















