দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় ইজিবাইকে থাকা শিশুসহ চারজন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে দুজন গুরুতর আহত হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার ধরন্দা (ফকিরপাড়া) এলাকায় এমন দুর্ঘটনা ঘটে।
এতে আহত ব্যাক্তিরা হলেন, ইজিবাইক চালক বোয়ালদাড় গ্রামের মৃত হাফিজারের ছেলে সামসুদ্দিন (৬০), বিরামপুর উপজেলার আব্দুল জলিল ও নবাবগঞ্জ উপজেলার ছোট তেতুলিয়া গ্রামের মোখলেছার ও তার স্ত্রী রেহেনা বেগম। স্থানীয়রা জানান, আজ বেলা আনুমানিক সময় দুপুর ১২টায় উপজেলার ফকিরপাড়া এলাকায় একটি ইজিবাইকে করে তারা বিরামপুরের দিকে যাচ্ছিলেন। এমন সময় বিরামপুর থেকে একটি নসিমন ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমরে মুচড়ে যায় এবং কয়েকজন আহত হন। সাথে সাথে এলাকাবাসী তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। হাকিমপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার সাব্বির হোসেন বলেন, আহত অবস্থায় রুগিরা আসলে তাদের তৎক্ষণিক চিকিৎসা শেষে দুজন গুরুতর অবস্থায় থাকায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাকিমপুর থানার ওসি বাদশা শামিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পলিশ পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত নসিমনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।





















