বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে এক বর্ণাঢ্য ও আনন্দঘন ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। মহা সমারোহ, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সোস্যাল এইড-এর সম্মানিত চেয়ারম্যান প্রসূন কান্তি বড়ুয়া, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত সুলতান এবং মাছুমিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার লেকচারার মুসলেহ উদ্দীনসহ আরও কয়েকজন সম্মানিত অতিথি।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং বিভিন্ন আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন। তাঁদের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে তাঁরা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সাফল্য, সুন্দর ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তাঁরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সার্বিক অগ্রগতির প্রশংসা করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত এ ক্লাস পার্টি ছিল আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলা।
একটি সুন্দর, সুশৃঙ্খল ও স্মরণীয় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

























