টাঙ্গাইলের মির্জাপুরে ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এবং নিজের পিতার করা মামলায় পরোয়ানাভুক্ত আসামি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা কেএম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
রোববার (১১ অক্টোবর) ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কেএম ফরিদ আমিন গণঅধিকার পরিষদ মনোনীত চৌদ্দগ্রাম আসনের এমপি প্রার্থী, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চৌদ্দগ্রাম উপজেলা যুবঅধিকার পরিষদের আহ্বায়ক। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার একটি ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন ফরিদ আমিন।
ব্যাংকটিতে কর্মরত থাকা অবস্থায় তিনি ড্রাইভার হিসেবে দায়িত্ব পালন করতেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুধু ব্যাংকের টাকা চুরির মামলাই নয়, ফরিদ আমিনের বিরুদ্ধে নিজের জন্মদাতা পিতাকে মারধরের গুরুতর অভিযোগও রয়েছে। গত বছরের ৪ ডিসেম্বর এ বিষয়ে পিতা রুহুল আমিন চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে ছেলের শাস্তির দাবি জানিয়ে একই বছরের ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনও করেছিলেন তার পিতা। পরবর্তীতে ওই অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হলে সেটিতেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত ফরিদ আমিনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।





















