হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিমানবন্দরে সৃষ্ট বিশৃঙ্খলার পেছনে আখতারুজ্জামানের সঙ্গে কোনো কুচক্রী মহলের সম্পৃক্ততা বা প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাকে পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের পরিবর্তে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।






















