অব্যবস্থাপনার মাধ্যমে কোনো সরকারই টিকে থাকতে পারে না মন্তব্য করে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, ‘নতুন করে সংগ্রামে নামতে হবে।’ শনিবার আদালতে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামার সময় তিনি এই মন্তব্য করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার আখতারুজ্জামানকে আজ আদালতে তোলা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান বলেন, ‘এভাবে রাষ্ট্র চলতে পারে না। প্রবাসীদের সমস্যার সমাধান আমরা করব। এত অব্যবস্থাপনা করে কোনো সরকার টিকে থাকতে পারে না। নতুন করে সংগ্রামে নামতে হবে।’
জামায়াতে ইসলামী দেশকে সঠিক পথে চালানোর জন্য সংগ্রাম করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে, শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। যা পরবর্তীতে হুমকি-ধামকির পর্যায়ে পৌঁছায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।






















