রাজধানীর শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় হানিফ ফ্লাইওভারের শেষ মাথায় অচেতন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাতপরিচয় যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় পথচারীরা ওই যুবককে সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল জানান, নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।






















