শক্তিমত্তায় বিস্তর ফারাক। ব্রাজিল ফিফা র্যাংকিংয়ে ছয় নম্বরে, ভারতের র্যাংকিং ১৩৮। তবে ব্রাজিলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমে খুব একটা খারাপ করেনি ভারত। ব্যবধান অনেক বেশি বড় হয়নি।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ম্যাচটি জিতেছে ৪-০ গোলে। কলকাতার আইকনিক বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হয় ঢিমেতালে। ব্রাজিলকে ঠিক চেনা ছন্দে দেখা যায়নি। আক্রমণগুলোতেও তেমন জোর ছিল না। অবশেষে ২৮ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। এস্তেভাও একাই বল নিয়ে ঢুকে পড়ে বক্সের ডানদিক থেকে জোড়ালো শটে গোল করেন। বল ভারতীয় গোলরক্ষকের হাতে লাগলেও শটের গতির কারণে তিনি সেটা ধরে রাখতে পারেননি।
দ্বিতীয় গোলটিও প্রায় একই ধরনের। ৪২ মিনিটে বক্সের ডানদিক থেকে শট নিয়েছিলেন পেদ্রো। এবার গোলরক্ষকের হাতে লেগে বল ঢুকে যায় জালে। দ্বিতীয়ার্ধের শুরুটাও হয় ম্যাড়ম্যাড়ে। তবে এই অর্ধেও গোলের খাতা খোলে ব্রাজিলই। পেদ্রোর অ্যাসিস্টে ৫৮ মিনিটে বক্সের বাঁদিক দিয়ে ঢুকে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের হয়ে এর আগে মাত্র একটি ম্যাচ খেলা স্যামুয়েল লিনো।
৬০ থেকে ৮০ মিনিটের মধ্যে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু রায়ান উইলিয়ামস-মানভির সিংরা গোলরক্ষককে অনেকটাই একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষের দিকে ব্রাজিল কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ করে। ইনজুরি টাইমে এসে লিনো বক্সের মধ্যে ভারতীয় দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোড়ালো শটে ব্যবধান ৪-০ করেন।





















