মানিকগঞ্জের ঘিওরে ইয়াবা বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঘিওর উপজেলা ব্র্যাক অফিসসংলগ্ন প্রতীক স্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক দুজন হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সজিব জমাদ্দার (২৭) এবং ঘিওর উপজেলার কুস্তা বন্দরের রিফাত মিয়া (২৩)। পুলিশের এজাহার সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে প্রতীক স্টোরের সামনে ইয়াবা কেনাবেচার তথ্য পায় পুলিশ। খবর পেয়ে ঘিওর থানার একটি দল সেখানে যায়।
রাত ১১টা ৪০ মিনিটে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের তল্লাশি করা হয়। এ সময় সজিবের জিন্স প্যান্টের বাম পকেট থেকে সাত পিস এবং রিফাতের ডান পকেট থেকে আরও সাত পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ১৪ পিস ইয়াবার মোট ওজন ১ দশমিক ৪ গ্রাম।
এগুলোর আনুমানিক মূল্য ৪ হাজার ২০০ টাকা । এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার কথা জানিয়েছেন। তবে তাদের এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী ঘিওর থানায় মামলা হয়েছে । মামলাটি তদন্ত করছেন এসআই মোক্তার হোসেন ।





















