শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট লাঘব ও পড়াশোনায় উৎসাহ দিতে সাতক্ষীরার কলারোয়ায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। জেলা পরিষদের উদ্যোগে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পাঠোন্নতিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি শ্রেণি থেকে দুটি করে মোট ১০টি বাইসাইকেল এবং আটটি প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থীর মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। সুবিধাভোগীদের মধ্যে ৪৩ জন ছাত্রী ও ৩৭ জন ছাত্র।
বাইসাইকেল পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, কলারোয়া মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, বামনখালী হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল ও কাজীরহাট হাইস্কুল। অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। দূর-দূরান্ত থেকে হেঁটে স্কুলে আসা-যাওয়া করার কারণে অনেক শিক্ষার্থী ক্লান্ত হয়ে পড়ে, যা তাদের লেখাপড়ায় নেতিবাচক প্রভাব ফেলে।
এই বাইসাইকেলগুলো তাদের যাতায়াতের কষ্ট লাঘব করবে এবং সময় বাঁচিয়ে পড়াশোনায় আরও মনোযোগী হতে সাহায্য করবে। ’ তিনি আরও বলেন, ‘মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মেধার সঠিক বিকাশে জেলা পরিষদের মাধ্যমে উপবৃত্তি প্রদান, শিক্ষাসামগ্রী ও বাইসাইকেল বিতরণসহ বহুমুখী সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে এই ধারাবাহিক সহায়তা অব্যাহত থাকবে। ’ কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।
প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে বাইসাইকেল পেয়ে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।






















