‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এর মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছে দেশীয় ব্যান্ড বিটমোস্ফিয়ার। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে ‘তুমি এলে’ গান পরিবেশন করে সেরা হয়েছে ব্যান্ডটি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দেশের সেরা ১০ জন শিল্পী ও ব্যান্ড অংশ নেয়। তাদের পেছনে ফেলে সর্বোচ্চ ভোট পেয়ে চ্যাম্পিয়ন হয় বিটমোস্ফিয়ার। চূড়ান্ত ফলাফল নির্ধারণে পেশাদার জুরিদের ৪০ শতাংশ, বাংলাদেশের দর্শকদের ৪০ শতাংশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের ২০ শতাংশ ভোট বিবেচনায় নেওয়া হয়।
সব মিলিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ের মুকুট অর্জন করে ব্যান্ডটি। আয়োজকেরা জানান, এই জয়ের মধ্য দিয়ে আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’ এর মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বিটমোস্ফিয়ার। গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়া অন্য প্রতিযোগীদের মধ্যে ছিলেন কৃষাণ বর্মন, সাবকনশাস, পুলক অধিকারী, লুবাইনা আফনান, বেনজির জিলানী, নাইম ইমরান শরৎ ও নুসরাত জাহান কৃতিসহ আরও অনেকে।
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। প্রতিযোগীদের বিচার করতে পাঁচ সদস্যের জুরি প্যানেলে ছিলেন সংগীত ও সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ ও শওকত আলী ইমন। গ্র্যান্ড ফিনালের আয়োজন ও প্রযোজনায় ছিল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। অনুষ্ঠানটি বঙ্গের প্ল্যাটফর্মে সরাসরি স্ট্রিম করা হয়।
একই সঙ্গে টেলিভিশন পার্টনার এনটিভির পর্দায়ও সরাসরি সম্প্রচারিত হয় পুরো আয়োজন। এ প্রতিযোগিতার অফিসিয়াল থিম সং ‘ভয়েস অব বাংলাদেশ’। পাশাপাশি গ্র্যান্ড ফিনালের উত্তেজনা বাড়াতে বঙ্গ উপস্থাপন করে অনুষ্ঠানটির থিম সং ও ‘ব্যাংকক মিশন’। বিজয়ের পর বিটমোস্ফিয়ারের অন্যতম সদস্য ও ভোকালিস্ট সিদরাতুল মুরসালিন ভাষা বলেন, এই সম্মানের মূল হকদার দেশ ও দেশের বাইরের ভক্তরা।
তারা ভোটের মাধ্যমে আমাদের এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’ এ বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, দেশের প্রতিনিধিত্ব করতে পারা তাদের জন্য গর্বের। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন তারা। অনুষ্ঠানের প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গের ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ ভাই বলেন, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে তাদের প্রতিষ্ঠান বর্তমানের মতো ভবিষ্যতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে।
জুরি প্যানেলের সদস্য ও জনপ্রিয় ব্যান্ড মাইলসের হামিন আহমেদ বলেন, বঙ্গের এ ধরনের উদ্যোগ দেশে শুদ্ধ সংস্কৃতিচর্চা এবং চলমান অস্থিরতা থেকে বর্তমান প্রজন্মকে মুক্ত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের সংগীতাঙ্গনে নতুন এই অর্জনের পর এখন আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্বের প্রস্তুতি নিচ্ছে বিজয়ী ব্যান্ড বিটমোস্ফিয়ার।






















