গাজীপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে রাসেল রানা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার দেবজিত পাল। এসআরবি বলছে, চাঁদাবাজির কাজে ব্যবহার করা হতো অস্ত্র। চাঁদা না দিলেই অস্ত্র দেখিয়ে দেওয়া হতো হত্যার হুমকি। গ্রেপ্তার রাসেল রানা (৩৮) গাজীপুরের সদর উপজেলার জানাকুর গ্রামের মো. আসাদ উল্ল্যহ্ ছেলে। এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার দেবজিত পাল জানান, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।
চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এসআরবি-১ গাজীপুর ও উত্তরা বিশেষ টিম রাসেল রানার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার নিজ শয়নকক্ষ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসআরবি জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় রাসেল রানার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।






















