যুবদের সফল ভবিষ্যতের জন্য দক্ষতাই হোক শক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের প্রগতি কর্মসূচি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে যানবাহন চালনার তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়, ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং পেশাদার চালকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। পরিচিতি সভায় বক্তব্য দেন হাছানাইন আহমেদ, রহিম রেজা, রফিকুল ইসলাম, সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল, মোসা. স্বর্ণা ও কামরুল ইসলাম রানা। বক্তারা বলেন, পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এর ফলে পরিবার ও সমাজে নারীদের অর্থনৈতিক ভূমিকা আরও শক্তিশালী হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ব্র্যাকের এ উদ্যোগের মাধ্যমে নারীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবেন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।






















