মিরপুর ১০ নম্বরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে দুটি এবং উত্তর সিটি করপোরেশন দুটি মামলা দায়ের করেছে। আজ বৃহস্পতিবার দায়ের করা এসব মামলায় পাঁচশ থেকে ছয়শ জনকে আসামি করা হয়েছে।
গতকালের (বুধবার) সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যেই আটক হয়েছেন ২০ জন। আজ মামলা দায়েরের পরপরই আটককৃত ২০ জনকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, বুধবার মিরপুর ১০ নম্বরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সাথে পুলিশ ও সিটি করপোরেশন কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও ঢাকা উত্তির সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দুটি গাড়িতে আগুন দেয় হকাররা। ভাঙচুর করা হয় পুলিশ বক্স।
এসময় সংঘর্ষে আহত হন গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন। পরে ডিএনসিসি প্রশাসক জানান, ফ্যাসিস্টের দোসরেরা পরিকল্পিতভাবে হামলা ও অগ্নিসংযোগ করেছে।
বুধবারের সংঘর্ষের পর আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই হকারশূন্য হয়ে পড়ে মিরপুর ১০ নম্বর এলাকা। ইতোমধ্যেই জোরদার করা হয়েছে পুলিশি টহল। নতুন করে বিশৃঙ্খলা করতে পারে এমন আশঙ্কায় কয়েকজনকে আটকও করেছে পুলিশ।
আটককৃতদের বিষয়ে যাচাই-বাচাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।


























