রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি ৩৫ লাখ টাকার বাংলাদেশি জালনোট উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক ও অপরাধ দমনে পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে তেজগাঁও বিভাগ থেকে সবচেয়ে বেশি ১০১ জনকে গ্রেপ্তার করা হয়। মিরপুর বিভাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে ৯৬ জনকে। এছাড়া মতিঝিল বিভাগে ৮৩ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, উত্তরা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, গুলশান বিভাগে ৩৬ জন এবং রমনা বিভাগে ২৭ জন গ্রেপ্তার হয়েছেন।
পাশাপাশি ডিবি পুলিশ ৩ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ৪৭ হাজার টাকা এবং মাদক পরিমাপের একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়। এ ছাড়া পুলিশের উদ্ধার করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে ৩৫ লাখ টাকার বাংলাদেশি জালনোট, পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৫ রাউন্ড গুলির খোসা, ৩টি ধারালো ছোরা, একটি মোটরসাইকেল, ১১টি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




















