গাজীপুরে আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে ঘটনার কারণ ও দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। তিনি জানান, পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার বিস্তারিত তদন্তের জন্য সিটিএসবির উপকমিশনার মহিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, রোববার বিচারিক কার্যক্রমের জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকার আদালতে নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে বিকেলে তাদের প্রিজন ভ্যানে করে পুনরায় কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল।
পথে গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় পৌঁছালে রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ টয়লেটে যাওয়ার কথা বলে চিৎকার শুরু করেন। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে টয়লেটে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সুযোগ বুঝে ওই আসামি পুলিশের কাছ থেকে দৌড়ে পালিয়ে যান। পরে তাকে আটক করতে পুলিশ সদস্যরা চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি।
তবে প্রিজন ভ্যানে থাকা বাকি ২৯ আসামিকে নিরাপদে কাশিমপুর কারাগারে পৌঁছে দেওয়া হয়। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, এসআই (এবি) প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির, সাকিব, শাকিল ও ড্রাইভার নায়েক কামাল। কারাগার সূত্র জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকার ময়লার ভাগাড়ের পাশে এ ঘটনা ঘটে। রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ বিস্ফোরক আইনের একটি মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দি ছিলেন।
গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ঘটনাটি তদন্ত করে কারো দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে পলাতক আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজাকে’ গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


















