আগামী ১ অক্টোবরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, বর্তমানে এমন নিয়োগবঞ্চিত প্রার্থীর সংখ্যা ৮১৭ জন।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় এখন পর্যন্ত ৮১৭ জন প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত রয়েছেন। তাদের আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়ার লক্ষ্য রয়েছে।
এ সময়ের মধ্যে যারা নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও পরবর্তী সময়ে কাজ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে সরকার কাজ শুরু করে। এ পর্যায়ে ৮৫৪ জনের চূড়ান্ত আবেদন পাওয়া গেছে। শিক্ষামন্ত্রী আরও জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিও) মাধ্যমে নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
এ সময় অনেক প্রার্থীর ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়েছে। পাশাপাশি কেউ কেউ ঠিকানা পরিবর্তন করায় তাদের প্রয়োজনীয় তথ্যও পর্যায়ক্রমে সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, প্রার্থীদের ভেরিফিকেশন কার্যক্রম ধাপে ধাপে চলছে এবং পরিবর্তিত ঠিকানার তথ্যও পাওয়া যাচ্ছে। যেসব প্রার্থীর প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি, তাদের বিষয়গুলো নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
এই কার্যক্রম ১ অক্টোবর পর্যন্ত চলবে।




















