চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রবিউল হাসান নামের ১৩ বছর বয়সী এক কিশোর মারা গেছে। হালিশহর এলাকার বাসিন্দা রবিউল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
গতকাল সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন এই মৃত্যুর ফলে চলতি সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ২০ জন। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯৮ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।
এ বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪ হাজার ১৬৫ জনের। মাসভিত্তিক হিসাবে, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৯ জন এবং মারা গেছেন ১৫ জন। আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২০২ জন, মৃত্যু হয় ২ জনের। জুলাইয়ে ৫৩৬ জন আক্রান্ত ও ২ জনের মৃত্যু হয়। এছাড়া জুনে ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন এবং জানুয়ারিতে ৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হন।
ফেব্রুয়ারিতে একজনের মৃত্যু হয়। গতকাল চিকিৎসাধীন ৯৮ রোগীর মধ্যে চমেক হাসপাতালে ৪২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ১৪ জন চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২ হাজার ৪৮ জন পুরুষ, ১ হাজার ১৮৭ জন নারী এবং ৯৩০ জন শিশু রয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮৬৪ জন এবং মৃত্যু হয় ২৭ জনের। ২০২৪ সালে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন, মারা যান ৪৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৮৭ জন এবং মৃত্যু হয়েছিল ১০৭ জনের।


















