রাজশাহীর তানোরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে মিজানুর রহমান বাদশা (৫৩) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে রড-সিমেন্টের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
স্বজনদের দাবি, বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না মেলায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজ মিজানুর রহমান বাদশা কৃষ্ণপুর মোড়ে অবস্থিত শাফায়াত এন্টারপ্রাইজ নামের রড-সিমেন্টের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। স্থানীয়ভাবে তিনি একজন প্রতিষ্ঠিত ও বিত্তশালী ব্যবসায়ী হিসেবে পরিচিত। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে বাড়ি থেকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বের হন বাদশা।
কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি দোকানে পৌঁছাননি। একপর্যায়ে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনে তাকে পাওয়া যায়নি। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেন। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে উৎকণ্ঠা আরও বেড়ে যায়।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী শামীমা খাতুনসহ পরিবারের সদস্যরা জানান, বাড়ি থেকে বের হওয়ার পর বাদশার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন—এ নিয়ে পরিবার দুশ্চিন্তায় রয়েছে। পরিবারের পক্ষ থেকে মিজানুর রহমান বাদশার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। তার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি না, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


















