মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নাও আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রাজধানী ঢাকার আকাশ আজ সকাল থেকেই কিছুটা মেঘলা রয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বেলা ১টার মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টায় দেওয়া ঢাকার পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।






















