রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মুখ খুলেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এ ঘটনায় অক্ষত আছেন তিনি। কে বা কারা গুলি চালিয়েছে, তা নিশ্চিতভাবে বলতে না পারলেও তাকে লক্ষ্য করেই এমন ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন এই গায়ক।
তার মতে, দুর্বৃত্তদের লক্ষ্য মিস হয়ে গেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। এ ঘটনায় কেউ হতাহত হননি। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে আসিফ আকবর বলেন, তিনি সুস্থ আছেন।
সকালে পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় ফিরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। পরে বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাসায় এসে কথা বলেন। তারা ঘটনাটি তদন্ত করছেন বলেও জানান তিনি। ঘটনার সময় কোথায় ছিলেন, সে বিষয়ে আসিফ আকবর জানান, তখন তিনি নিজের কার্যালয়ে ছিলেন। সিসিটিভি ক্যামেরায় আশপাশের দৃশ্য দেখছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ভোর ৪টা ৫২ থেকে ৫৪ মিনিটের মধ্যে গুলির ঘটনা ঘটে।
তখন তার গাড়িতে কেউ ছিলেন না। কাউকে সন্দেহ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে আসিফ আকবর বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। তবে যারা গুলি করেছে, তারা তার কার্যালয়ে আসা-যাওয়ার সময় সম্পর্কে জানতো বলে ধারণা করছেন তিনি। আসিফ আকবর বলেন, সাধারণত রাত ৮টা বা সাড়ে ৮টার দিকে তিনি কার্যালয়ে যান। ফজরের নামাজের আগে কিংবা পরে সেখান থেকে বাসায় ফেরেন।
দুর্বৃত্তরা ওই সময়টিকেই লক্ষ্য করে থাকতে পারে বলে মনে করছেন তিনি। এ প্রসঙ্গে এই সংগীতশিল্পী বলেন, ‘তারা ওই সময়টাই টার্গেট করেছে, কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরেই নিচে নামতাম। ’ঘটনার সময় সিসিটিভি ক্যামেরায় নিজের মতো দেখতে একজনকে হেঁটে যেতে দেখেছিলেন বলেও জানান আসিফ আকবর। তার ধারণা, ওই ব্যক্তিকে তাকে ভেবে দুর্বৃত্তরা গুলি চালিয়ে থাকতে পারে।
ছেলের সঙ্গে কথা বলছিলেন বলে সেদিন কার্যালয়ে কিছুটা বেশি সময় ছিলেন তিনি। এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। বিশাল সেন্টারের সামনে পার্ক করা তার গাড়ি লক্ষ্য করে ভোরে গুলি চালানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল।
ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাতিরঝিল থানা-পুলিশ। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।





















