ঢাকায় আজ শনিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন। পাশাপাশি রাজধানী ও আশপাশের কিছু এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার কারণে গরমের অনুভূতিও কিছুটা বেশি হতে পারে।
অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
নদীবন্দর নিয়ে অধিদপ্তর জানিয়েছে, শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত নেই। ফলে এ সময়ে নদীবন্দরগুলোকে কোনো সংকেত দেখাতে হবে না। অন্যদিকে, শুক্রবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।



















