সাতক্ষীরার তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) দোকানের ভেতর ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিন শেখ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে এ ঘটনা ঘটে।
আটক রবিন শেখ মহন্দী গ্রামের হাজের শেখের ছেলে। স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার ভোরে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে মহন্দী বাজারে পৌঁছালে রবিন শেখ তাকে একটি দোকানের ভেতর ডাকেন। ছাত্রীটি দোকানের সামনে গেলে রবিন তার হাত ধরে টানাটানি করে জোরপূর্বক ভেতরের দিকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে এলে বখাটের হাত থেকে মেয়েটি রক্ষা পায়। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে তালা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রবিন শেখকে আটক করে। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত রবিন শেখকে আটক করে থানায় নিয়ে এসেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















