রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলায় আজ সোমবার দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ক্ষণস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।



















