নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালীর হাতিয়া থানার বাংলাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সন্দেহভাজন একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৭৬০ বস্তা সার উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















