রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয়, বরং প্রতিদিনের ব্যস্ত জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। তবে ছোট রান্নাঘরে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কাজের সুবিধা নিশ্চিত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।
সঠিক কিছু কিচেন গ্যাজেট এই সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারে। খুব বেশি খরচ না করেও রান্নাঘরকে রাখা যায় পরিচ্ছন্ন, গোছানো ও ব্যবহারবান্ধব। চলুন জেনে নেওয়া যাক, দৈনন্দিন রান্নার কাজ সহজ করতে কোন গ্যাজেটটি আপনার রান্নাঘরে রাখতে পারেন। সিংক প্লাঞ্জার রান্নাঘরের সিংকে পানি জমে থাকা বেশ বিরক্তিকর সমস্যা। অনেক সময় খাবারের অবশিষ্টাংশ, তেল-চর্বি কিংবা অন্যান্য ময়লা জমে ড্রেনের পানি চলাচলে বাধা সৃষ্টি করে।
এ ক্ষেত্রে সিংক প্লাঞ্জার কাজে আসতে পারে। এটি চাপ ও শোষণশক্তির সাহায্যে হালকা ধরনের বাধা দূর করতে সহায়তা করে। ফলে ছোটখাটো সমস্যায় তাৎক্ষণিকভাবে মিস্ত্রির প্রয়োজন নাও হতে পারে। তবে শক্তভাবে জমে থাকা বাধা দূর করতে পেশাদার সহায়তা প্রয়োজন হতে পারে। ট্র্যাশবিন রান্নাঘর পরিষ্কার রাখতে একটি উপযুক্ত ট্র্যাশবিনের বিকল্প নেই। রান্নার সময় সবজির খোসা, খাবারের উচ্ছিষ্ট ও বিভিন্ন ধরনের বর্জ্য সহজেই জমে যায়।
ঢাকনাযুক্ত ও প্যাডেলচালিত ট্র্যাশবিন ব্যবহার করলে হাত না লাগিয়েও ঢাকনা খোলা যায়, যা দৈনন্দিন কাজে সুবিধা দেয়। বিনের আকার নির্বাচনের সময় রান্নাঘরের জায়গা ও পরিবারের সদস্যসংখ্যা বিবেচনা করা জরুরি। চাইলে খাবারের উচ্ছিষ্ট, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য এবং অন্যান্য আবর্জনা আলাদা রাখার জন্য একাধিক বিন ব্যবহার করতে পারেন। সিংক ক্যাডি সিংকের পাশে বাসন ধোয়ার স্পঞ্জ, সাবান ও ব্রাশ ছড়িয়ে-ছিটিয়ে থাকলে রান্নাঘর অগোছালো দেখায়।
সিংক ক্যাডি এসব সামগ্রী এক জায়গায় রাখতে সাহায্য করে। পানি ঝরে যাওয়ার ব্যবস্থা আছে এমন ক্যাডি বেছে নিলে স্পঞ্জ দ্রুত শুকাতে পারে এবং অতিরিক্ত আর্দ্রতা কমে। ছোট রান্নাঘরের জন্য সিংকের ভেতরে বা পাশে বসানো যায় এমন কম জায়গা নেওয়া ক্যাডি বিশেষভাবে উপযোগী। কিচেন ম্যাট দীর্ঘ সময় দাঁড়িয়ে রান্না করলে পা ও কোমরে অস্বস্তি হতে পারে।
নরম ও কুশনযুক্ত কিচেন ম্যাট দাঁড়িয়ে কাজ করার সময় কিছুটা আরাম দিতে পারে। পাশাপাশি মেঝেতে পানি ছিটকে পড়লে পিচ্ছিল হওয়ার ঝুঁকিও বিবেচনায় রাখতে হয়। তাই ম্যাট কেনার সময় পিছলে না যাওয়ার ব্যবস্থা, সহজে পরিষ্কার করা যায় কি না এবং মেঝেতে সমতলভাবে বসে কি নাÑএসব বিষয় খেয়াল করুন। অতিরিক্ত লোমযুক্ত বা সহজে পানি শোষণ করে এমন ম্যাট রান্নাঘরের জন্য এড়িয়ে চলাই ভালো।
ড্রাইং ডিশ র‌্যাক বাসন ধোয়ার পর সেগুলো কোথায় রাখা হবে, তা ছোট রান্নাঘরে প্রায়ই সমস্যা হয়ে দাঁড়ায়। ড্রাইং ডিশ র‌্যাক এই সমস্যার সহজ সমাধান। এতে প্লেট, কাপ, বাটি ও অন্যান্য বাসন আলাদা করে রাখা যায় এবং পানি ঝরে পড়ার সুযোগ থাকে। জায়গা বাঁচাতে সিংকের ওপর বসানো যায় এমন র‌্যাক ব্যবহার করতে পারেন। তবে র‌্যাকটি মজবুতভাবে স্থাপন করা এবং নিয়মিত পরিষ্কার করা জরুরি, যাতে সেখানে ময়লা বা জীবাণু জমে না থাকে।
চামচদানি রান্নার সময় খুন্তি, স্প্যাচুলা, বড় চামচ কিংবা অন্যান্য সরঞ্জাম বারবার খুঁজতে হলে কাজের গতি কমে যায়। চুলার পাশে একটি চামচদানি রাখলে প্রয়োজনীয় সরঞ্জামগুলো সহজেই হাতের কাছে পাওয়া যায়। স্টেইনলেস স্টিল, সিরামিক কিংবা সহজে পরিষ্কার করা যায় এমন উপাদানের চামচদানি বেছে নিতে পারেন। তবে আগুন ও অতিরিক্ত তাপ থেকে নিরাপদ দূরত্বে এটি রাখা উচিত।
সিংক স্ট্রেইনার বাসন ধোয়ার সময় খাবারের ছোট ছোট অংশ সিংকের ড্রেনে চলে গিয়ে পাইপে বাধা সৃষ্টি করতে পারে। সিংক স্ট্রেইনার এসব অবশিষ্টাংশ আটকে রাখতে সাহায্য করে। ফলে ড্রেন পরিষ্কার রাখা সহজ হয়। স্টেইনলেস স্টিল বা উপযুক্ত সিলিকনের স্ট্রেইনার ব্যবহার করা যেতে পারে। তবে শুধু স্ট্রেইনার বসালেই হবে না; এতে জমে থাকা খাবারের উচ্ছিষ্ট নিয়মিত সরিয়ে ফেলতে হবে।
কিচেন র‌্যাক ছোট রান্নাঘরের ক্যাবিনেটে হাঁড়ি, কড়াই ও ফ্রাইপ্যান একটির ওপর আরেকটি রাখলে প্রয়োজনীয় জিনিস বের করতে সমস্যা হয়। এতে কোনো কোনো পাত্রে আঁচড়ও পড়তে পারে। কিচেন র‌্যাক ব্যবহার করলে পাত্রগুলো আলাদা করে সাজিয়ে রাখা যায়। ফ্রাইপ্যানের জন্য উল্লম্ব র‌্যাক কিংবা ক্যাবিনেটের ভেতরে বসানো যায় এমন শেলফ বেছে নিলে জায়গার সর্বোত্তম ব্যবহার সম্ভব।
র‌্যাকের ধারণক্ষমতা ও স্থায়িত্ব যাচাই করে কেনা উচিত। কিচেন থার্মোমিটার ফ্রিজে খাবার রাখার পরও নষ্ট হয়ে যাওয়া কিংবা রান্নার খাবার যথেষ্ট গরম হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ থাকলে তাপমাত্রা পরীক্ষা করা প্রয়োজন। এ কাজে কিচেন থার্মোমিটার সহায়ক। ফ্রিজের ভেতরের তাপমাত্রা মাপার জন্য আলাদা অ্যাপ্লায়েন্স থার্মোমিটার ব্যবহার করা যায়।
অন্যদিকে, খাবারের ভেতরের তাপমাত্রা মাপার জন্য ফুড থার্মোমিটার প্রয়োজন। ওভেনের তাপমাত্রা যাচাইয়ের জন্য উপযুক্ত ওভেন থার্মোমিটার ব্যবহার করা যায়। কেনার সময় যন্ত্রটির নির্ভুলতা ও ব্যবহারের উপযোগিতা বিবেচনা করুন। ড্রয়ার লাইনার রান্নাঘরের ড্রয়ারে চামচ, ছুরি, বিভিন্ন সরঞ্জাম কিংবা শুকনো খাবারের প্যাকেট রাখার কারণে ধুলো ও ময়লা জমতে পারে।
ড্রয়ার লাইনার ব্যবহার করলে ড্রয়ারের তলা পরিষ্কার রাখা সহজ হয়। কিছু লাইনার আঁচড়ের ঝুঁকিও কমাতে পারে। ড্রয়ারের মাপ অনুযায়ী কেটে নেওয়া যায় এমন লাইনার বেছে নিলে তা সহজে বসানো যায়। ফ্রিজে ব্যবহারের জন্য তৈরি লাইনার ব্যবহার করতে চাইলে সেটি খাদ্য সংরক্ষণের উপযোগী কি না, তা যাচাই করা উচিত।





















