ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে, রাশিয়ার পক্ষে চলমান যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়া ৫০ হাজারেরও বেশি নতুন সেনা পাঠাচ্ছে। গত রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
জেলেনস্কির দাবি, নতুন সেনাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে।
এ ছাড়া সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলেও দাবি করেছেন জেলেনস্কি।
২০২৪ সালের জুনে উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উনের সঙ্গে একটি কৌশলগত চুক্তিতে সই করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চুক্তির শর্ত অনুযায়ী, স্বাক্ষরকারী কোনো দেশ বাইরের কোনো শক্তি দ্বারা আক্রান্ত হলে অপর দেশ সহযোগিতার জন্য এগিয়ে আসবে।
পরে ওই বছরই প্রথমবারের মতো মস্কোতে ১৪ হাজার সেনা পাঠায় পিয়ংইয়ং।


















