যশোরে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিজিবির পোশাক, ওয়াকিটকি, হাতকড়াসহ তিন ভুয়া বিজিবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকার রবীন্দ্রনাথ রাহার বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার শার্শা উপজেলার গোগা গাজীপাড়ার আবুল কাশেমের ছেলে উজ্জ্বল হোসেন (৩০), হরিশচন্দনপুর পূর্বপাড়ার কাশেম আলীর ছেলে আনারুল ইসলাম (৩২) এবং একই এলাকার গোলাম মোস্তফার ছেলে তোফাজ্জেল হোসেন (৩০)। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে শহরের ষষ্ঠীতলার একটি বাসায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় ঘরের দরজা খুলে এক ব্যক্তি নিজেদের বিজিবি সদস্য বলে পরিচয় দেন। পরে ঘরে থাকা অন্য দুজনও একই দাবি করেন। তবে তাদের কাছে আইডি কার্ড বা কোনো বৈধ পরিচয়পত্র না থাকায় এবং কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা স্বীকার করেন যে তারা আসল বিজিবি সদস্য নন। পরে ওই ঘরে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে এক সেট বিজিবির সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি ওয়াকিটকি, একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, লোহা কাটার গ্রাইন্ডার মেশিন, তালা কাটার বিভিন্ন সরঞ্জাম, হ্যাকসো ব্লেড ও নোজ প্লাস উদ্ধার করা হয়। যশোর ডিবির এসআই কামরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, ছিনতাই ও ডাকাতি চালিয়ে আসছিল। তাদের মধ্যে উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শিরোনাম :
ওয়াকিটকি, হাতকড়া ও পোশাকসহ ৩ ভুয়া বিজিবি গ্রেপ্তার
- Update Time : 03:56:26 am, Monday, 3 August 2026
- 27
Tag :
Popular Post























