কক্সবাজারের টেকনাফ মহাসড়কে চলন্ত পালকি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বিকাশের দুই সেলসম্যানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাদের কাছে থাকা প্রায় ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে ডাকাত দল। গতকাল রোববার দুপুরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ১৪ নম্বর ব্রিজসংলগ্ন বেদবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার হাসান মিয়ার ছেলে আরমান (২৮) এবং সাবরাং কাটাবুনিয়ার মোহাম্মদ সৈয়দের ছেলে একরাম (২৩)। তারা দুজনেই বিকাশের সেলসম্যান হিসেবে কর্মরত রয়েছেন। আহত আরমানের চাচা জাফর জানান, ব্যাংক থেকে টাকা তুলে তারা পালকি বাসে করে হ্নীলার বিকাশের দোকানে টাকা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ১৪ নম্বর ব্রিজসংলগ্ন বেদবাগান এলাকায় পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা ডাকাত দল মহাসড়কে গাছ ফেলে বাসটির গতি রোধ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাস থামার সঙ্গে সঙ্গেই দেশীয় অস্ত্র ও ধারালো চাকু নিয়ে ডাকাতেরা বাসে উঠে পড়ে এবং বিকাশের দুই কর্মীকে লক্ষ্য করে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় আরমান ও একরামকে কুপিয়ে গুরুতর জখম করে তাদের সঙ্গে থাকা প্রায় ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও র্যাবের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় ডাকাতদের ফেলে যাওয়া কিছু সরঞ্জাম উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, কক্সবাজারগামী একটি বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে লুট হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইউএনও এস এম অনীক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বিকাশ কর্মীদের কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা লুট হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।
5:19 am, Monday, 3 August 2026
শিরোনাম :
টেকনাফে চলন্ত বাসে ডাকাতি, কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই
-
MIT ERP
- Update Time : 03:56:33 am, Monday, 3 August 2026
- 3
Tag :
Popular Post













