মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে ধান রোপণের জন্য ক্ষেত পরিষ্কার করার সময় রোববার সকাল ৮টায় হঠাৎ একটি অজগর সাপ দেখতে পান এক কৃষক। সাপটি দেখতে পেয়ে সেটি উদ্ধারের জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও নম্বর না পাওয়ায় সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে মুহিবুর রহমান নামের এক সচেতন ব্যক্তি সাপটিকে না মারার জন্য সবাইকে অনুরোধ করেন। এরপর অনেক খোঁজাখুঁজির পর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের নম্বর সংগ্রহ করে তিনি বিষয়টি জানান। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। এ সময় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে মুহিবুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। কারণ তার সচেতনতার কারণে আজ একটি অজগর সাপের জীবন রক্ষা পেয়েছে। পরবর্তীতে উদ্ধার করা অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শিরোনাম :






















