জয়পুরহাটের কালাই পৌরসভা প্রতিষ্ঠার ২৬ বছর পেরিয়ে গেলেও এখনো গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ডাম্পিং স্টেশন। ফলে মহাসড়কের পাশেই গড়ে উঠেছে পৌরসভার ময়লা ভাগাড়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। কালাই পৌরসভার পাঁচশিরা বাজার ও সড়াইল গ্রামে মহাসড়কের পাশে প্রতিদিন ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। খোলা জায়গায় ময়লা রাখায় ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বাড়ছে মশা-মাছির উপদ্রব, দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। প্রতিদিন এ মহাসড়ক দিয়ে চলাচল করেন হাজার হাজার মানুষ। দুর্গন্ধে অতিষ্ট সাধারণ মানুষ ও পথচারী নাক চেপে চলাচল করেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। সড়াইল গ্রামের স্থানীয় বাসিন্দা ও ভ্যানচালক বুদা বলেন, ময়লার দুর্গন্ধে এই রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে গেছে। নিশ্বাস বন্ধ করে চলতে হয়। দ্রুত এই ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার দাবি জানাই। রাস্তায় চলাচলকারী অটোচালক আব্দুল বলেন, এখানে ময়লা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে। যাওয়া-আসার সময় নিশ্বাস নিতে খুব কষ্ট হয়। নাক চেপে ধরে চলাচল করতে হয়। শুধু ভ্যানচালক, অটোচালক কিংবা যাত্রীরা নন, দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দাদের সাথে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচলকারী শাহীন ক্যাডেট স্কুলের এক শিক্ষার্থী বলেন, আমার এই রাস্তা দিয়ে পাঁচশিরা যেতে অনেক কষ্ট হয়। এখানে রাস্তার ধারে অনেক ময়লা-আর্বজনা, নিশ্বাস নিতে খুব সমস্যা হয়। আমরা চাই, এখান থেকে ময়লা-আর্বজনা সরিয়ে নেওয়া হোক। এ বিষয়ে কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, পৌরসভার উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলে রাখায় ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন পানিবাহিত ও বায়ুবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। দ্রুত এসব ময়লার ভাগাড় অপসারণ করা উচিত। কালাই পৌরসভার প্রশাসক (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব বলেন, স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকায় আপাতত খাসজমিতে বর্জ্য রাখা হচ্ছে। উপযুক্ত জায়গা পাওয়া গেলে দ্রুত আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ করে সমস্যার স্থায়ী সমাধান করা হবে। আমরা এ বিষয়ে ওয়াকিবহাল রয়েছি। স্থানীয়দের প্রত্যাশা, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় মহাসড়কের পাশ থেকে দ্রুত ময়লার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ডাম্পিং স্টেশন নিশ্চিত করবে কালাই পৌরসভা কর্তৃপক্ষ।
12:25 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
কালাই পৌরসভার বর্জ্যে অতিষ্ঠ জনজীবন
-
MIT ERP
- Update Time : 09:58:26 pm, Wednesday, 29 July 2026
- 1
Tag :














