এল ক্লাসিকোর বহু যুদ্ধের ইতিহাস পেছনে ফেলে এখন একই তাঁবুতে লিওনেল মেসি ও কাসেমিরো। স্প্যানিশ ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দ্বৈরথে বহুবার যাকে আটকানোর ছক কষেছেন, সেই পুরোনো প্রতিদ্বন্দ্বী মেসিকে এবার সতীর্থ হিসেবে পেয়ে মুগ্ধতায় ভাসছেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েই নতুন সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ তিনি। দুই সেশনের অনুশীলন দেখেই অকপটে স্বীকার করে নিয়েছেন, এই বয়সেও মেসিকে থামানো এককথায় অসম্ভব। মায়ামিতে যোগ দিয়ে কাসেমিরো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আটলান্টিকের এপারে তার আসার মূল উদ্দেশ্য মহাতারকা মেসিকে সহায়তা করা। মাঠের লড়াইয়ে ফুটবলের বরপুত্রকে জয় এনে দেওয়া এবং মায়ামির ট্রফি কেবিনেট সমৃদ্ধ করতেই যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছেন তিনি। মেসিকে নিছক কোনো তারকা মানতে নারাজ এই ব্রাজিলিয়ান। তার মতে, মায়ামির ১০ নম্বর জার্সিধারী সতীর্থ আসলে ফুটবল ঈশ^রেরই এক মূর্ত প্রতীক। পুরোনো দিনের স্মৃতিচারণ করে কাসেমিরো জানান, রিয়ালে থাকতেও একা মেসিকে রোখা তার পক্ষে সম্ভব হয়নি, লা লিগার মতো মায়ামির অনুশীলনেও একই চিত্র দেখছেন তিনি। এদিকে নতুন ক্লাবের জার্সিতে এরই মধ্যে কাসেমিরোর অভিষেক পর্ব সেরে ফেলেছেন। মন্ট্রিয়লের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে এমএলএস যাত্রা শুরু হয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। কাসেমিরোর অন্তর্ভুক্তি নিয়ে অবশ্য এমএলএসের ‘ডিসকভারি রাইটস’ সংক্রান্ত এক তদন্ত চলছে। তবে ক্লাবের সহ-মালিক হোর্হে মাস সব জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, এলএ গ্যালাক্সির সঙ্গে আলোচনার পরেই কাসেমিরোকে দলে ভেড়ানো হয়েছে এবং পুরো দলবদল প্রক্রিয়াতেই ফুটবলের সব নিয়মকানুন অক্ষরে অক্ষরে মেনে চলেছে ইন্টার মায়ামি।
6:15 am, Sunday, 2 August 2026
শিরোনাম :


















