রাজধানীর অদূরে গড়ে ওঠা পরিকল্পিত আবাসন প্রকল্প পূর্বাচল নতুন শহরে দিন দিন বাড়ছে চুরির ঘটনা। বিশেষ করে নির্জন প্লট, নির্মাণাধীন ভবন এবং অল্প জনবসতিপূর্ণ এলাকাকে লক্ষ্য করে সংঘটিত চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। এলাকায় নিয়মিত পুলিশি টহল থাকলেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা। সম্প্রতি পূর্বাচল নতুন শহরের সেক্টর-৯-এর প্লট-২৩, রোড-১০৩-এ অবস্থিত একটি আধাপাকা বাড়িতে দুই দফা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড/চ্যানেল আই-এর ম্যানেজার (অপারেশন) সাইদুল হক ভূঞা। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাদের প্রতিষ্ঠানের পরিচালক জহিরউদ্দিন মাহমুদের বাড়িতে গত ১২ ও ১৩ জুন পৃথক দুই দফায় চুরি হয়। দুই দিনই দিনের বেলায় দারোয়ান ছুটিতে ছিলেন। রাতে ফিরে তিনি ঘরের টিন খোলা দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা বিদ্যুতের তার, সুইচ, পানির পাইপ, বিদ্যুৎ মিটারের তারসহ ব্যবহৃত বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। অফিসের কাজে ব্যস্ত থাকায় তিনি তার অফিস সহকারী মো. কামরুজ্জামানের মাধ্যমে থানায় অভিযোগপত্র পাঠিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন খান বলেন, এই প্লটে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। কিছু নেশাগ্রস্ত ব্যক্তি বিদ্যুতের তার, ফ্যান, বাংলো বাড়ির বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। তাদের অনেকেই ইয়াবাসহ বিভিন্ন মাদকসেবনের সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। আমরা চাই প্রশাসন পূর্বাচলের নিরাপত্তা আরও জোরদার করুক। কেয়ারটেকার থাকা সত্ত্বেও যদি মানুষ নিরাপদ না থাকে, তাহলে এখানে বসবাস করা কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, পূর্বাচল এলাকায় নিয়মিত পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। তিনি আরও বলেন, পূর্বাচল একটি বিস্তীর্ণ এলাকা এবং এখনও সব সেক্টরে পূর্ণাঙ্গ বসতি গড়ে ওঠেনি। অনেক প্লট ও নির্মাণাধীন ভবন দীর্ঘ সময় অরক্ষিত অবস্থায় থাকে। এ সুযোগে ছোটখাটো চুরির ঘটনা ঘটে। তবে অতীতের তুলনায় চুরি-ছিনতাইয়ের প্রবণতা কমেছে এবং এটি আরও কমিয়ে আনতে পুলিশ নিয়মিত কাজ করছে। এদিকে, পরিকল্পিত নগরী হিসেবে পূর্বাচলের গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই বাসিন্দাদের প্রত্যাশা, নিয়মিত পুলিশি টহল জোরদার, নির্জন এলাকায় সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং চোরচক্রের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে পূর্বাচলের নিরাপত্তা নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
3:42 pm, Friday, 31 July 2026
শিরোনাম :
পূর্বাচলে বাড়ছে চুরি, নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন বাসিন্দারা
-
MIT ERP
- Update Time : 02:35:37 pm, Friday, 31 July 2026
- 3
Tag :
Popular Post




















