শুরুতে ধাক্কা, এরপর ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে চাপে ফেলাÑ সুলায়মানিয়ায় বাংলাদেশের আর্চারদের সোনা জয়ের গল্পটা এমনই। ফাইনালের প্রথম সেটে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ ও বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার ইরাকে অনুষ্ঠিত ফাইনালে আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফির দল জিতেছে ৬-২ সেট পয়েন্টে। শুরুতে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ ছিল কাজাখস্তানের হাতে। প্রথম সেটে বাংলাদেশ ৫০ পয়েন্ট পেলেও কাজাখস্তান তোলে ৫৩। ফাইনালের শুরুতেই পিছিয়ে পড়ে চাপের মুখে পড়েন বাংলাদেশের তিন আর্চার। তবে সেই চাপ সামলে দ্রুতই ঘুরে দাঁড়ান তারা।
দ্বিতীয় সেটে ৫৫ পয়েন্ট তুলে কাজাখস্তানের ৫৪ পয়েন্টকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। তাতেই ম্যাচে সমতা ফেরে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাগর-আলিফদের। তৃতীয় সেটে ৫৫-৫২ পয়েন্টের জয় বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। শিরোপা নিশ্চিত করতে শেষ সেটে প্রয়োজন ছিল ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করা। সেখানে দুই দলের লড়াই ছিল বেশ কাছাকাছি। শেষ পর্যন্ত ৫২-৫১ পয়েন্টে সেট জিতে স্বর্ণ নিজেদের ঝুলিতে পোরেন বাংলাদেশি আর্চাররা।
চার সেট মিলিয়ে বাংলাদেশ ও কাজাখস্তানের পয়েন্টের ব্যবধানও ছিল সামান্য। বাংলাদেশ পেয়েছে ২১২, কাজাখস্তান ২১০। তবে সেট পয়েন্টের হিসাবে ৬-২ ব্যবধানই নিশ্চিত করেছে বাংলাদেশের জয়। ব্যক্তিগত স্কোরেও আলিফ ছিলেন বাংলাদেশের সেরা। চার সেটে তার সংগ্রহ ৭৬ পয়েন্ট। প্রথম সেটে ১৯ পয়েন্ট তোলার পর দ্বিতীয় ও তৃতীয় সেটে ২০ পয়েন্ট করে তোলেন তিনি।
শেষ সেটে তার স্কোর ছিল ১৭। রাফি চার সেটে যথাক্রমে ১৭, ১৬, ১৯ ও ১৮ পয়েন্ট তুলে মোট ৭০ পয়েন্ট পান। সাগরের সংগ্রহ ৬৬ পয়েন্ট। প্রথম সেটে ১৪ পয়েন্ট পেলেও পরের তিন সেটে যথাক্রমে ১৯, ১৬ ও ১৭ পয়েন্ট করে তোলেন তিনি। শুরুতে পিছিয়ে পড়ার পর তিনজনের সম্মিলিত পারফরম্যান্সই বাংলাদেশকে শিরোপার কাছে নিয়ে যায়। ফাইনালে ওঠার পথেও দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশের আর্চাররা।
পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টের প্রথম রাউন্ডে বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলেন তারা। শেষ চারের লড়াইয়ে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন আলিফ, সাগর ও রাফি। অন্যদিকে, স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপার লড়াইয়ে ওঠে কাজাখস্তান। এশিয়া কাপ ও বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে বাংলাদেশের এই সাফল্য এসেছে নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বর্ণ জয়ের এক দিন পর।
গত বুধবার বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতেন। ফলে দুই ইভেন্টে দুই সোনা জিতে এবারের প্রতিযোগিতায় নিজেদের সাফল্য আরও উজ্জ্বল করেছে বাংলাদেশ। ইরাকের সুলায়মানিয়ায় ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় এশিয়া কাপের দ্বিতীয় পর্ব। এতে অংশ নেন ১৯ দেশের ১০৬ জন আর্চার।
পদকের পাশাপাশি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের সুযোগও রয়েছে এই প্রতিযোগিতায়।





















