শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে তাড়াশে জমে উঠেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। মেলায় রুই, কাতলা, ব্রিগেড, গ্লাস কার্প, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
পছন্দের মাছ কিনতে সকাল থেকেই বাজারে ভিড় করছেন ক্রেতারা। মাছের সমারোহ, ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক আর দরদামের ব্যস্ততায় বাজারজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বাজার ঘুরে দেখা যায়, বড় আকারের ইলিশ, রুই-কাতলার পাশাপাশি গ্লাস কার্প, সিলভার কার্পসহ নানা জাতের মাছ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। কেউ পরিবারের জন্য পছন্দের মাছ কিনছেন, আবার কেউ দরদাম করছেন।
মাছ ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, পূজা উপলক্ষে বড় বড় রুই, কাতলা মাছ নিয়ে এসেছি যেমন আশা করেছিলাম তেমন বেচাকেনা নেই তবে বেলা বাড়ার সাথে সাথে বেচাকেনা বাড়তে পারে। আরেক মাছ ব্যবসায়ী আব্দুল হাসেম ও আলাল বলেন পূজা উপলক্ষে বড় মাছ বেশি কেনাবেচা হয়, আমাদের জায়গা সংকট, তা না হলে আরও জাঁকজমকপূর্ণ হবে। দুর্গাপূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে মাছ কেনার বাড়তি আগ্রহ দেখা যায়।
পূজার আনন্দ ও পারিবারিক আয়োজনকে সামনে রেখে অনেকে পছন্দের মাছ কিনতে বাজারে ছুটে আসছেন। এ কারণে স্বাভাবিক সময়ের তুলনায় বাজারে ক্রেতাদের উপস্থিতি ও কেনাবেচায় বাড়তি প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। ক্রেতাদের আনাগোনা, মাছের বৈচিত্র্য আর দরদামের মধ্য দিয়ে বাজারে ফুটে উঠেছে দুর্গোৎসবের আমেজ। তাড়াশে এ মাছের মেলা শুধু কেনাবেচার আয়োজন নয়, বরং স্থানীয় মানুষের উৎসবের আনন্দ ও ঐতিহ্যেরও পরিচিত অনুষঙ্গ হয়ে উঠেছে।



















