টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে উইয়ান মুল্ডারকে আউট করে নিজের টেস্ট ক্যারিয়ারের ৪৫০তম উইকেট তুলে নিয়েছেন তিনি।
এই মাইলফলক স্পর্শ করার মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে প্রথম বাঁ-হাতি বোলার হিসেবে ৪৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্টার্ক। একই সঙ্গে বলের হিসাবে গ্লেন ম্যাকগ্রার রেকর্ডও ভেঙেছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। দক্ষিণ আফ্রিকার গকেবেরহায় সেন্ট জর্জেস পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন স্টার্ক।
ম্যাচের দ্বিতীয় দিনে ম্যাথু ব্রিটজকেকে আউট করে উইকেটের খাতা খুলেছিলেন তিনি। পরে তৃতীয় দিনের সকালে মুল্ডারকে ফিরিয়ে পূর্ণ করেন ৪৫০ উইকেটের মাইলফলক। মুল্ডার ৩৮ বল খেলে ১৩ রান করেছিলেন। তার ক্যাচ নেন ম্যাট রেনশ। স্টার্কের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যেই সীমাবদ্ধ নয়; টেস্ট ক্রিকেটে বাঁ-হাতি বোলারদের দীর্ঘদিনের রেকর্ডের তালিকাতেও নতুন অধ্যায় যোগ করেছে।
পাশাপাশি অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে ৪৫০ বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে বাঁ-হাতি পেসার ও স্পিনারদের মধ্যে ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা প্রথম বোলার স্টার্ক। তার আগে এই কৃতিত্ব অর্জন করতে পারেননি কোনো বাঁহাতি বোলার। বাঁ-হাতি বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় স্টার্কের পেছনে রয়েছেন শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ, পাকিস্তানের পেসার ওয়াসিম আকরাম এবং নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি।
তালিকায় রবীন্দ্র জাদেজার নামও উল্লেখ করা হয়েছে। বলের হিসাবে ম্যাকগ্রাকে ছাড়িয়ে স্টার্ক : ৪৫০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে কত বল লেগেছে, সেই হিসাবেও নতুন রেকর্ড গড়েছেন স্টার্ক। এই কৃতিত্ব অর্জন করতে তিনি বল করেছেন ২০ হাজার ৫৭৭টি। অন্যদিকে, অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রাথ তার ৪৫০তম টেস্ট উইকেট পেয়েছিলেন ২৩ হাজার ৪৭৪তম বলে।
অর্থাৎ, ম্যাকগ্রাথের তুলনায় দুই হাজার ৮৯৭ বল কম করেই ৪৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন স্টার্ক। বলের হিসাবে এটি তার উল্লেখযোগ্য অর্জনগুলোর একটি। তবে ম্যাচের সংখ্যার হিসাবে ৪৫০ উইকেটে পৌঁছানোর ক্ষেত্রে ম্যাকগ্রাথের চেয়ে পিছিয়ে রয়েছেন স্টার্ক। নিজের ১০৯তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ম্যাকগ্রাথ ১০০ টেস্টেই ৪৫০ উইকেট পূর্ণ করেছিলেন।
অন্যদিকে, টেস্টে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়ার সামগ্রিক রেকর্ডটি শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের দখলে। নিজের ৮০তম টেস্টে ৪৫০তম উইকেট নিয়েছিলেন তিনি। ফলে বলের হিসাবে ম্যাকগ্রাথকে ছাড়িয়ে গেলেও ম্যাচের হিসাবে স্টার্ক এখনো মুরালিধরন ও ম্যাকগ্রাথের পেছনে রয়েছেন।





















