শর্ষে ইলিশ তৈরির উপকরণগুলোর মধ্যে রয়েছে বড় আকারের ইলিশ মাছ ১টি, হলুদ ১ চা-চামচ, লবণ স্বাদমতো, শর্ষেবাটা আধা কাপ, কাঁচা মরিচ ১০টি, শর্ষের তেল ১ কাপ, কালিজিরা ১ চা-চামচ, পানি দেড় কাপ এবং আচারের তেল ১ টেবিল চামচ।
প্রণালি: ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এরপর ১ টেবিল চামচ শর্ষেবাটা মাছে মেখে আধা ঘণ্টা রেখে দিতে হবে। চুলায় ছড়ানো ননস্টিক প্যানে শর্ষের তেল গরম করে কালিজিরা ও কাঁচা মরিচ দিয়ে একটু নেড়ে নিতে হবে। কালিজিরা ও কাঁচা মরিচের ঘ্রাণ বের হলে মেখে রাখা মাছগুলো দিয়ে হালকা তেলে ভেজে নিতে হবে। এবার বাকি শর্ষেবাটা দিয়ে দিতে হবে। পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাছ সেদ্ধ হয়ে তেল ভেসে উঠলে লবণের স্বাদ দেখে নিতে হবে। এবার ৪ থেকে ৫টি কাঁচা মরিচ ও আচারের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।



















