জয়পুরহাটের কালাই থানার ভেতরে ঢুকে তিন পুলিশ সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে আসলাম হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যায় থানা কম্পাউন্ডের ভেতরে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেনÑ কনস্টেবল মাহমুদুল হাসান রকি, ড্রাইভার কনস্টেবল মাসুদ রানা এবং এসআই (নিরস্ত্র) আহসান হাবীব। হামলার পরপরই আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়া অভিযুক্ত আসলামকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসলাম হোসেন উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় দুর্গাপূজার ডিউটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এমন সময় হাতে একটি কাঠের বাটাম নিয়ে হঠাৎ থানা কম্পাউন্ডে প্রবেশ করেন আসলাম। সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তার পরিচয় ও আসার কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
একপর্যায়ে আসলাম কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করলে রকি সরে যাওয়ার চেষ্টা করেন, তবে আঘাতটি তার বাম চোয়ালে লেগে রক্তাক্ত জখম হয়। তাকে বাঁচাতে ও আসলামকে আটকাতে এগিয়ে গেলে ড্রাইভার কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন আসলাম। এরপর এসআই আহসান হাবীব তাকে আটকানোর চেষ্টা করলে তাকেও জখম করা হয়। পরে থানার অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে দৌড়ে থানা কম্পাউন্ড থেকে পালিয়ে যান আসলাম।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত আসলাম হোসেনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক ও জুয়া আইনে মামলা রয়েছে। কালাই থানার ওসি সাইদুল আলম বলেন, ‘থানায় ঢুকে এক যুবক হঠাৎ পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ঘটনার সময় আমি ডিউটিতে ছিলাম। খবর পেয়েই অভিযান চালিয়ে অভিযুক্ত আসলামকে গ্রেপ্তার করা হয় এবং গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।



















