মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশের দক্ষিণাঞ্চলে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী ও সমুদ্র উপকূলে নজরদারি জোরদার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও কঠোর নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
এ ছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মা ইলিশ সংরক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও অব্যাহত রয়েছে। কোস্ট গার্ড জানায়, দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাহিনীটি গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য। ’ মা ইলিশ রক্ষায় সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে কোস্ট গার্ড বলেছে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ ও সুনীল অর্থনীতিকে গতিশীল রাখা সম্ভব। মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। এ বিষয়ে ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান।

























