ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রাকিব রায়হান তালুকদারের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তা থেকে টুকরো টুকরো অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকার বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাকিব রায়হান তালুকদার ওই গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের ছেলে। তিনি ঢাকার কমলাপুরে কাস্টমসের নিরাপত্তা শাখায় সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাকিব রায়হান তালুকদার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে কাস্টমসের নিরাপত্তা শাখায় সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাড়িতে আসতেন এবং শনিবার কর্মস্থলে চলে যেতেন। এরই মধ্যে গত ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে তিনি নিজ ঘর থেকে নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর আত্মীয়-স্বজন ও কর্মস্থলে যোগাযোগ করেও তার কোনো খোঁজ মেলেনি। নিখোঁজের তিন দিন পর ২৭ জুলাই তার বড় ভাই নুরুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সূত্র জানায়, ঘটনার পর থেকে রাকিব রায়হানের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা রহস্যজনকভাবে পলাতক রয়েছেন। এর মধ্যে উপজেলার অনন্তপুর বাজুয়া নদী এলাকা থেকে রায়হান তালুকদারের ব্যবহৃত মোটরসাইকেলের চাবির ছড়া উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, কেয়ারটেকার রাজু মির্জা টাঙ্গাইলের এক দালালের মাধ্যমে দেশ থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছেন। পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, তার পাসপোর্ট যেন দ্রুত জব্দ করা হয়। সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শুভ্র সাহা বলেন, ঘটনার পর থেকে রাকিব রায়হানের বাড়ির কেয়ারটেকার পলাতক রয়েছেন। তার সঙ্গে অজ্ঞাত আরও ৩/৪ জন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে আমি জেলার বাইরে অভিযান চালাচ্ছি। থানা থেকে আমাকে জানানো হয়েছে যে, রাকিব রায়হানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, মরদেহ টুকরো টুকরো করে তার ব্যবহৃত তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়। রোববার দুপুরের দিকে স্থানীয়রা পুকুরে বস্তা দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টুকরো টুকরো মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কেন এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
10:09 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
ময়মনসিংহে নিখোঁজ কাস্টমসের সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার
-
MIT ERP
- Update Time : 07:52:56 pm, Sunday, 2 August 2026
- 8
Tag :
Popular Post


























