রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাচর্চা, সমসাময়িক বিষয়ে বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি এবং বুদ্ধিবৃত্তিক বিনিময়ের লক্ষ্য নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ২৮টি দল। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন। বিশ্ব বিশ্ববিদ্যালয় বিতর্ক চ্যাম্পিয়নশিপের (ডব্লিউইউডিসি) নীতিমালা অনুসারে পরিচালিত এ প্রতিযোগিতার প্রতিটি দলে ছিলেন দুইজন করে বক্তা। ৩১ জুলাই প্রতিযোগিতার প্রথম দিনে রুয়েটের স্থাপত্য বিভাগ ভবনে সকাল ৮টায় নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এরপর টুর্নামেন্ট ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিনব্যাপী চারটি প্রাথমিক রাউন্ড শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সেমিফাইনাল পর্ব, যেখানে সেরা দলগুলো ফাইনালের টিকিট নিশ্চিত করে। ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ফাইনাল বিতর্কের বিষয় ছিল— “এই সংসদ ‘এশিয়ান স্প্রিং’-এর উত্থানে অনুতপ্ত।” চারটি দল এতে অংশ নিয়ে তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ, শক্তিশালী যুক্তি এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিচারক ও উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের ‘সিইউডিএস এ’ দল। দলটির সদস্য ছিলেন মেহরাব মিজান ও ইরফান অপূর্ব। রানারআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের ‘ডিইউডিএস স্বোপার্জিত স্বাধীনতা’ দল, যার সদস্য ছিলেন আহমেদ রাকিবুল ইসলাম ও ধীমান বিশ্বাস। একই সঙ্গে ফাইনালের সেরা বিতার্কিক এবং টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সদস্য ইরফান অপূর্ব। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ও কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন। এছাড়া ক্লাবের সভাপতি মো. তানভির হাসান, সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম ও সাদিয়া সিদ্দিকা, সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারক এবং বিতার্কিকরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো. তানভির হাসান বলেন, গত সাত বছরের ধারাবাহিকতায় এবারও জাতীয় পর্যায়ের এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া ২৮টি দলের বিতার্কিক, স্বেচ্ছাসেবক, ক্লাবের সদস্য, সাবেক সদস্য এবং শিক্ষকদের সহযোগিতায় আয়োজনটি সফল হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতেও যুক্তিচর্চা ও বিতর্কের পরিবেশ বিস্তারে রুয়েট ডিবেটিং ক্লাব কাজ করে যাবে বলেও তিনি জানান। আয়োজকদের মতে, এ ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা তরুণদের বিশ্লেষণী চিন্তা, নেতৃত্বের গুণাবলি, দলগত সমন্বয় এবং ভিন্নমতকে শ্রদ্ধা করার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক যোগাযোগ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
3:12 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
রুয়েটের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
-
MIT ERP
- Update Time : 12:55:57 pm, Sunday, 2 August 2026
- 6
Tag :
Popular Post





















